পাকিস্তানি বিনোদন জগতে অভিনয়শিল্পীদের নানা প্রতিবন্ধকতা ও বঞ্চনা নিয়ে সম্প্রতি সরব হয়েছেন উদীয়মান তারকা সাহের হাশমি। নাট্যশিল্পের প্রযোজকদের অপেশাদার আচরণ এবং পারিশ্রমিক নিয়ে চলমান বৈষম্যমূলক নীতি ও অনৈতিকতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
অভিনয় জগতে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে শক্ত অবস্থান তৈরি করেছেন সাহের হাশমি। ‘জুলম’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশের পর গত দু-তিন বছরে তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সম্ভাবনাময় তারকা হিসেবে প্রতিষ্ঠিত হন। ‘শেইদাই’ নাটকের সাফল্যের পর তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ‘জানজিরেইন’ নাটকে ‘শহর বানু’ চরিত্রে অভিনয়ও ভক্তদের মনে আলাদা জায়গা করে নেয়।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় শিল্পীদের দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক ও আর্থিক অনিয়মের বিষয়টি তুলে ধরেন সাহের হাশমি। তিনি বলেন, কোনো কারণে একজন শিল্পী শুটিংয়ে বা কাজে একদিন দেরি করলে তাকে ‘অপেশাদার’ হিসেবে দাগিয়ে দেওয়া হয়, কিন্তু মাসের পর মাস শিল্পীদের প্রাপ্য পারিশ্রমিক আটকে রাখা হয়।
সাহের হাশমির এই বক্তব্য পাকিস্তানি বিনোদন ইন্ডাস্ট্রিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। শিল্পীদের অধিকার রক্ষা, পেশাদারিত্ব বজায় রাখা এবং সময়মতো পারিশ্রমিক পরিশোধের দাবি তুলে সচেতন মহলের নজর কেড়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
অনলাইন ডেক্স 

























