ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ১৫ লাখ টাকার ‘অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতিবছর বিভাগের বিএসএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ বা নম্বর অর্জনকারী একজন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হবে।
রোববার (১৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে ১৫ লাখ টাকার একটি চেক গ্রহণ করেন। নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর উদ্যোগে এ ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠিত হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর পক্ষে চেক হস্তান্তর করেন মুহিত আনোয়ার চৌধুরী।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘এ ধরনের ট্রাস্ট ফান্ড মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে।’
ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং তাদের আরও ভালো ফল অর্জনে উৎসাহিত করাই এ ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।’
অনলাইন ডেক্স 























