চাঁদপুরের মতলব উত্তরে মো: শাহাবুদ্দিন (৪৬) নামে এক কলেজ শিক্ষকের স্ত্রী হাসনেহেনা আক্তারের (৩০) রহস্যজনক মৃত্যু ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার এখলাসপুর ইউনিয়নের জামতলা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কলেজ শিক্ষক শাহাবুদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শাহাবুদ্দিন ছেংগারচর সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক। নিহতের পরিবারের অভিযোগ, শাহাবুদ্দিনের পরকীয়ার কারণে তাদের মধ্যে দীর্ঘদিন দাম্পত্য কলহ চলছিল। পরিবারের সদস্যরা জানান, হাসনেহেনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
নিহতের খালা সালমা বেগম বলেন, হাসনেহেনা অত্যন্ত মেধাবী ও ধৈর্যশীল ছিলেন। স্বামীর পরকীয়ার বিষয়টি জানার পর তারা বিষয়টি নিয়ে কথা বলেছিলেন, কিন্তু শাহাবুদ্দিন তাদের কথা শোনেননি।
নিহতের মা আফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। তিনি দাবি করেন, স্বামীর পরকীয়ার কারণে তাদের মধ্যে বিরোধ ছিল এবং বিভিন্ন সময়ে তার মেয়েকে নির্যাতন করা হতো।
মতলব উত্তর থানার এসআই মো: বাবুল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন লাশটি ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে মেঝেতে শুইয়ে রেখেছিলেন। নিহতের স্বামীকে থানায় আনা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
অনলাইন ডেক্স 























