ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পরিকল্পনা চূড়ান্ত করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ‘গ্রোক’-এর পরামর্শ নিয়েছিলেন। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন অভিযানের এক মাস আগে ট্রাম্প গ্রোককে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি সম্ভাব্য মার্কিন সামরিক হামলা এবং মাদুরোকে আটক করা হলে স্থানীয় জনগণের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান।
গ্রোকের তরফ থেকে জানানো হয় যে, মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হলে দেশটিতে উল্লাস প্রকাশ করা হবে। যদিও এই সামরিক অভিযানে গ্রোকের সরাসরি প্রভাব ছিল কি না, তা নিশ্চিত নয়। তবে এই ঘটনা সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত দেয়।
পরবর্তীতে চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন সামরিক বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফেডারেল নার্কো-টেররিজম ও মাদক পাচারের অভিযোগ আনা হয়। আটকের পর ভেনেজুয়েলায় উল্লাস ছড়িয়ে পড়ায় ট্রাম্প গ্রোকের পূর্বাভাসের নির্ভুলতায় মুগ্ধ হন।
তবে গ্রোকের উত্তরগুলো ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তকে আদৌ প্রভাবিত করেছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।
অনলাইন ডেক্স 























