নরওয়ের একটি সামরিক মহড়ার সময় চীনা প্রযুক্তিতে তৈরি গাড়িগুলোতে সংবেদনশীল তথ্য ধারণের ঘটনা প্রকাশিত হয়েছে। এই তথ্যের মধ্যে নিরাপদ স্থাপনার অ্যাক্সেস কোড এবং কর্মকর্তাদের যাতায়াতের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
ডাগেনস নারিংসলিব (ডিএন) পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর ওসলো বিমানবন্দরে অনুষ্ঠিত একটি নিরাপত্তা মহড়ার সময় সৈন্যরা গাড়ির ক্যামেরায় বিভিন্ন ভিডিও রেকর্ড হতে দেখেন। ভিডিওগুলোতে দেখা যায়, কারা গাড়িতে উঠছেন ও নামছেন এবং কোন রুট ব্যবহার করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, এই ভিডিওগুলো মূলত ভাড়ায় চালিত গাড়ি থেকে এসেছে, যার মধ্যে অন্তত দুটি গাড়ি চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত অটোমেকার চাঙ্গানের তৈরি ‘দীপল’ ব্র্যান্ডের। নরওয়ের হার্টজ নরজে (Hertz Norge) এই গাড়িগুলো সরবরাহ করেছিল।
নরওয়েজীয় হোম গার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পার গুনার গ্রোসবেরহাউগেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সৈন্যরা গাড়ির সেন্সর থেকে সংগৃহীত ভিডিও তাদের সিস্টেমে দেখতে পেয়েছেন। তবে এই রেকর্ডিংগুলো চীনসহ কোনো তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করা হয়েছিল কিনা, তা জানা যায়নি।
এই ঘটনার পর সামরিক বাহিনী গাড়িগুলো ব্যবহার করতে বাধ্য হয়েছিল এবং সৈন্যরা ভিডিওগুলো মুছে ফেলেছিলেন। সামরিক বাহিনী মনে করে, চীনা প্রযুক্তির গাড়ির ওপর সার্বিক নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা অতিরিক্ত নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করবে।
অনলাইন ডেক্স 
























