রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চলাকালে আত্মরক্ষার্থে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরেছিলেন বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
গত ১৭ অক্টোবর বিকালে ঘটে যাওয়া এই ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যম অপতথ্য ও বিকৃত সংবাদ পরিবেশন করেছে বলে অভিযোগ করেন তিনি। রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া বিবৃতিতে ইশরাক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে তিনি জানান, গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশগ্রহণের সময় তিনি ব্যক্তিগত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন করেছিলেন। তিনি বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সূত্র থেকে নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা পেয়েছিলেন।
ইশরাক হোসেন জানান, কর্মসূচির সময় ৩০ থেকে ৩৫ জন আইনলঙ্ঘনকারী ব্যক্তি তাদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে ধেয়ে আসলে তিনি এবং তার নিরাপত্তারক্ষীরা আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেন। পরবর্তীতে অস্ত্রটি যথাস্থানে রাখা হয়।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪-৫টি অবৈধ মাদকের আস্তানা উচ্ছেদ করা হয় এবং ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়। প্রতিমন্ত্রী গণমাধ্যমকে সত্যতা যাচাইপূর্বক সংবাদ প্রকাশের আহ্বান জানান।
অনলাইন ডেক্স 























