ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসন্ন সংসদ নির্বাচনের আগে ইরানের সঙ্গে সামরিক সংঘাত তৈরি করতে চান। এ কারণে দেশটির সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সেনাপ্রধান রাজনৈতিক নেতৃত্বের কাছে বিস্তারিত আলোচনা এবং লিখিত আইনি অনুমোদনের দাবি জানিয়েছেন, যাতে নির্বাচনের ফায়দা তুলতে ইরানের সঙ্গে উত্তেজনাকে ব্যবহার করা না হয়। এক নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই সামরিক পদক্ষেপ দ্রুত ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের রূপ নিতে পারে।
ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু সেনাপ্রধানের সঙ্গে দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে ইরান ইস্যু ব্যবহারের অভিযোগও প্রত্যাখ্যান করেছেন।
তবে একই সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, তিনি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন এবং মোসাদ ও সামরিক বাহিনীকে ইরানের সরকার পতনে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি দাবি করেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেছে এবং এই নির্বাচনকে অস্তিত্ব রক্ষার লড়াই বলে উল্লেখ করেন।
এর আগে নেতানিয়াহু তেল আবিবের ওপর পারমাণবিক বিস্ফোরণের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ছবি পোস্ট করেন। এর প্রতিক্রিয়ায় বিরোধী দলের নেতা গাদি আইজেনকোট এবং ইয়াইর গোলান নির্বাচনের আগে ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।
অনলাইন ডেক্স 
























