বোমা হামলার হুমকির পর কড়া নিরাপত্তার মধ্যে সাপ্তাহিক রীতি মেনে ভক্তদের সঙ্গে দেখা করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) মুম্বাইয়ের জুহুতে তার বাসভবন ‘জলসা’র বাইরে জড়ো হওয়া অসংখ্য ভক্তকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। এ সময় তার ছেলে অভিষেক বচ্চনও তার পাশে ছিলেন। ভক্তরা পুলিশের ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে প্রিয় তারকাকে একনজর দেখতে অপেক্ষা করেন।
অমিতাভ বচ্চনের উদ্দেশ্যে একটি বোমা হুমকির ই-মেইল মুম্বাই পুলিশ পেয়েছিল, যা ঘটনার দুই দিন আগে পাঠানো হয়। জানা গেছে, বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকার একটি স্কুল থেকে ওই হুমকির বার্তা পাঠানো হয়েছিল। তবে ওই বার্তায় ‘জলসা’ নাকি তার অন্য বাড়ি ‘প্রতীক্ষা’র নাম উল্লেখ করা হয়েছে, তা স্পষ্ট হয়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
এদিকে, সম্প্রতি নিজের শারীরিক অবস্থার বিষয়ে ভক্তদের খবর দিয়েছেন অমিতাভ। তিনি জানান, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার আরও বিশ্রামের প্রয়োজন। ব্লগ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। বর্তমানে তিনি জনপ্রিয় টেলিভিশন কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করছেন।
বড় পর্দায় তাকে সর্বশেষ ২০২৪ সালে রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা ‘ভেট্টাইয়ান’-এ দেখা গেছে। প্রতি রোববার ‘জলসা’র বাইরে তাকে দেখতে ভক্তদের ভিড় লেগে থাকে।
অনলাইন ডেক্স 

























