চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা বুধবার থেকে ক্লাসে ফিরছেন। সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে তারা এ ঘোষণা দেন।
ক্লাস বর্জন করে আন্দোলন শুরুর ৩৬ দিন পর ২৮ অক্টোবর থেকে একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হবে। তবে আন্দোলনকারীরা জানান, আগের উপাচার্য পুনর্বহাল এবং নতুন উপাচার্যকে প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলবে। নতুন উপাচার্য ক্যাম্পাসে ঢুকলে ফের শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার এক খোলা চিঠিতে শিক্ষার্থীরা প্রথমে ক্লাসে ফিরতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। শিক্ষকদের সংগঠনও এ সিদ্ধান্তের সাথে একমত জানিয়ে ক্লাসে ফেরার প্রস্তুতির কথা জানায়।
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যৌথ বিবৃতিতে একাডেমিক কার্যক্রম শুরু করতে সহযোগিতার কথা বলা হয়েছে। তবে উপাচার্য পুনর্বহাল ও নতুন উপাচার্যকে অসহযোগিতা করার সিদ্ধান্ত অব্যাহত থাকবে।
২৮ অক্টোবর ইউজিসি গঠিত পরামর্শক দল বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সাথে মতবিনিময় করতে ক্যাম্পাসে যাবে। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন।
অনলাইন ডেক্স 

























