শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা গবেষণার মাঠ (পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণ) বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে রাজধানীর আগারগাঁও-ফার্মগেট সড়ক অবরোধ করেছেন। এটি টানা চতুর্থ দিনের মতো চলছে।
রোববার (১ নভেম্বর) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা এ অবরোধ করেন। তাঁদের দাবি, গবেষণার জন্য নির্ধারিত জমি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আন্দোলন চলবে। জমি হস্তান্তরে বিলম্বের কারণে বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক শিক্ষা ও উচ্চতর কৃষি গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেছেন।
এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্যাম্পাস ও জমি উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এ জন্য সাময়িক কিছু ভোগান্তি হলেও বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে আমরা সবাই সম্মিলিতভাবে তা মেনে নিতে সম্মত হয়েছি।’
শিক্ষার্থীরা জানান, জমি উদ্ধারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, গণজমায়েত ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্দোলনের প্রথম দিনে তাঁরা পুরোনো বাণিজ্য মেলা মাঠে গণজমায়েত করেন এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলা কমিটিকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
অবরোধের কারণে আগারগাঁও থেকে ফার্মগেটমুখী সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, ফলে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শেকৃবি পরিবার গবেষণার মাঠটি ফেরত পাওয়ার দাবি জানিয়ে আসছে।
অনলাইন ডেক্স 

























