নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের মামলায় এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।
এর আগে, ২৭ অক্টোবর আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আমীর সাত দিনের রিমান্ডের আবেদন করেন, তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে ৩০ অক্টোবর আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক রিমান্ড শুনানি না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর মিন্টু শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত কারাগারে ছিলেন।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, মিন্টুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। প্রথম দফার রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমান (২৫) কে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর রাতে চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় শাকিল ইসলাম (৩২) গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ অক্টোবর তিনি মারা যান। শাকিলের বাবা রবিউল ইসলাম ১৯ অক্টোবর থানায় মামলা করেন।
হত্যাকাণ্ডের পর মিন্টুকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার শাকিলের জানাজা শেষে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আমেরিকা প্রবাসী রাসেলের শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
অনলাইন ডেক্স 























