মাদরাসায় অতিরিক্ত শারীরিক শাস্তি কিংবা অনুপযুক্ত স্পর্শ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, এসব ঘটনার কারণে মাদরাসা শিক্ষার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
রোববার (২৫ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, মাদরাসাগুলোর ভূমিকা দ্বীনি শিক্ষার প্রসারে অনস্বীকার্য। তিনি বলেন, মাদরাসা শিক্ষাকে আধুনিক, শক্তিশালী ও নিরাপদ করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
আজহারী আরও বলেন, সম্প্রতি মাদরাসাকেন্দ্রিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে খোলামেলা আলোচনা করার আহ্বান জানান।
তিনি বলেন, মাদরাসাগুলোতে শাসনের নামে অতিরিক্ত শারীরিক শাস্তি ও টর্চারের ঘটনা ঘটে। এসব আচরণ শিক্ষার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি শৃঙ্খলার জন্য প্রজ্ঞা, ভালোবাসা ও মানবিকতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আজহারী বলেন, মাদরাসাগুলোতে কার্যকর শিশু সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার মানোন্নয়নের জন্য সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনলাইন ডেক্স 

























