জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের ভাই জিকে মওলার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বিল্লাল মিয়া (৪৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) শ্রীমঙ্গল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুহ রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বিল্লাল মিয়া হবিগঞ্জ পৌর এলাকার অনন্তপুর এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, বিল্লাল মিয়া ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির কণ্ঠ নকল করে মানুষের বিশ্বাস অর্জন করতেন এবং নানা অজুহাতে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। অভিযোগ রয়েছে, তিনি ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন।
পুলিশ জানায়, বিল্লাল মিয়া হবিগঞ্জ সদর, বানিয়াচং, চুনারুঘাট ও লাখাই এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. হেলাল মিয়া হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারা এবং দণ্ডবিধির ৪০৬, ৪১৯ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার বিল্লাল মিয়াকে হবিগঞ্জ সদর মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। গোয়েন্দা পুলিশ আরও জানায়, বিল্লাল মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজারের কুলাউড়া থানায় প্রতারণাসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
অনলাইন ডেক্স 























