মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানে পিস্তল উঁচিয়ে ধরার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এই ঘটনা ‘ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয়’।
রোববার (১৮ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের নামে ইশরাক হোসেন পিস্তল উঁচিয়ে দৃশ্যের অবতারণা করেন। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের পর দেশে মাদকের বিস্তার ঘটেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজেদের ব্যর্থতা ঢাকতে নানা কৃত্রিম তৎপরতা শুরু করেছেন। তিনি অস্ত্র আইনের প্রসঙ্গ তুলে বলেন, কোনো ব্যক্তি বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারেন না।
বিবৃতিতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তৎপরতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ইশরাক হোসেনের কর্মকাণ্ড জনমনে ভীতি সঞ্চার করেছে এবং এটি অগ্রহণযোগ্য। জামায়াতের পক্ষ থেকে সরকারের সব পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
অনলাইন ডেক্স 























