বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সব মোটরযান মালিককে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে নম্বরপ্লেট প্রদর্শনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিআরটিএ।
সম্প্রতি বিআরটিএ সদর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলের পেছনে সরকারি ডিজিটাল নম্বরপ্লেট প্রদর্শনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখার বিধান রয়েছে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার শ্রেণির মোটরসাইকেলের জন্য সামনের অংশে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট স্থাপন করতে হবে। সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের মাপ হতে হবে ২৮৫ মিলিমিটার দৈর্ঘ্য ও ৫০ মিলিমিটার প্রস্থ। উভয় শ্রেণির প্লেটেই বাংলা অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেটের উপকরণ ও নকশা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে হবে। প্লেটের ওপর অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না; সাদা বা প্রাকৃতিক ধাতব পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।
বিআরটিএ স্পষ্ট জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং নজরদারি জোরদারের অংশ হিসেবে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব মোটরসাইকেল মালিককে এই শর্ত পূরণ করতে হবে, অন্যথায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অনলাইন ডেক্স 
























