কুমিল্লার চৌদ্দগ্রামে প্রসূতির নরমাল ডেলিভারি করানোর সময় চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল এই কমিটি গঠন করেন।
কমিটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি অ্যান্ড অবস্ বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা খন্দকারকে সভাপতি করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর চৌদ্দগ্রাম হাইস্কুল সংলগ্ন ‘আল নুর হাসপাতালে’ ডা. খাইরুন্নাহার কেয়ার তত্ত্বাবধানে প্রসূতি নাজমা আক্তারের ডেলিভারি করানো হয়। এ সময় নবজাতকের মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয় এবং শিশুটি মারা যায়।
পরে ৫ সেপ্টেম্বর প্রসূতির স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হলে বিষয়টি জনসমক্ষে আসে। এ নিয়ে ডা. খাইরুন্নাহার কেয়া তার ফেসবুক আইডিতে সাংবাদিকদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন, যা কুমিল্লা জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
এ বিষয়ে ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, চিকিৎসকের মন্তব্য তাদের জন্য অত্যন্ত বিব্রতকর। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 
























