কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিন (১৩) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে সিএনজিচালক মো. সুমনের জিজ্ঞাসাবাদ চলছে। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাজমিনের আইফোন উদ্ধার করেছে।
পুলিশের দাবি, আইফোনের কললিস্ট এবং বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, সুমন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এবং সে একাই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানান, তাজমিন ৪ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। তার মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, সে ওই দিন ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিল এবং পরদিন কুমিল্লায় ফিরে আবার কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। ৭ অক্টোবর কক্সবাজার থেকে ফিরে তাজমিন কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নেমে সিসিটিভি ফুটেজে দেখা যায়।
৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার একটি ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আবদুল আলীম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ সুপার আনিসুজ্জামান জানিয়েছেন, শনিবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
অনলাইন ডেক্স 























