বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বিশ্বের অনেক বড় গণতান্ত্রিক দেশের চেয়ে উন্নত বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই সম্প্রীতি বাংলাদেশের একটি অনন্য সম্পদ এবং এটি অক্ষুণ্ন রাখতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের জন্য সচেষ্ট রয়েছে। তিনি সিলেটের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে ও পরে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেছেন এবং তাদের অবকাঠামোগত সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের প্রশাসকের কাজের প্রশংসা করেন।
দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান দেওয়ার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। সিলেটের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে প্রায় ৮০০ কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে ৫০০ কিলোমিটারের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতারা এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 























