কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আলেম-ওলামাদের নিজেদের রাজনৈতিক নীতি ও শক্তির ওপর দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আলেমদের অন্যের রাজনৈতিক খেলার গুটি না হয়ে নিজেদের খেলা নিজেরা খেলতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে প্রকাশিত পত্রিকা ‘তুরাস’-এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
হাসনাত আবদুল্লাহ অতীতে আলেমদের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের চিত্র তুলে ধরে বলেন, ২০০৮ সালের নির্বাচন-পরবর্তী সময়ে আলেম-ওলামাদের ওপর অত্যাচার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপটেও যথাযথ ডকুমেন্টেশন প্রয়োজন ছিল।
তিনি আলেমদের পরমতসহিষ্ণুতা চর্চা, নিজস্ব গবেষণাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং গণমাধ্যম প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। আসন্ন দুর্গাপূজার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আলেমদের দায়িত্ব হচ্ছে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-আচরণ যথাযথভাবে পালনের জন্য সহায়তা করা।
হাসনাত আবদুল্লাহ বলেন, আলেমদের বিরুদ্ধে পরমতসহিষ্ণুতার অভাবের অভিযোগ উঠতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে এই ধারণা ভুল প্রমাণ করতে হবে।
অনলাইন ডেক্স 





















