রণবীর কাপুরের রক্তাক্ত হাত এবং রহস্যময় লুকে প্রকাশিত হলো সঞ্জয় লীলা বানশালীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ এর প্রথম পোস্টার। এই পোস্টারটি বানশালী প্রোডাকশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।
পোস্টারে রণবীরকে ভিন্টেজ গাড়ির চালকের আসনে বসে দেখা যায়। তার পরনে সাদা টি-শার্ট, চোখে চশমা এবং মাথার চুল ছোট করে ছাঁটা। এক হাতে স্টিয়ারিং ধরে রেখেছেন এবং অন্য হাতটি রক্তাক্ত। পোস্টারটি দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
পোস্টার প্রকাশের সঙ্গে একটি ক্যাপশনও দেওয়া হয়েছে—‘ও রুতবা, ও রাউব, ও জুনুন!’। ভিকি কৌশল এবং আলিয়া ভাটও পোস্টারটি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিকি ক্যাপশনে উল্লেখ করেছেন, ‘লাভ অ্যান্ড ওয়ার’ আসছে ২১ জানুয়ারি ২০২৭।
এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে রণবীর, আলিয়া এবং ভিকিকে। বানশালীর সঙ্গে রণবীরের দীর্ঘ বিরতির পর পুনর্মিলন ঘটেছে এই সিনেমার মাধ্যমে। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ দিয়ে বানশালীর পরিচালনায় রণবীরের অভিষেক হয়েছিল।
‘লাভ অ্যান্ড ওয়ার’ এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাটি পিরিয়ড রোমান্টিক ওয়ার ড্রামা হিসেবে নির্মিত হয়েছে। সিনেমাটি ২১ জানুয়ারি ২০২৭ সালে মুক্তির জন্য নির্ধারিত রয়েছে।
অনলাইন ডেক্স 

























