জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বক্তব্য দেওয়ার সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ কালো সানগ্লাস পরেছিলেন। নেপালে তার এই পরিচিতি অনেকের কাছেই জানা।
৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামে পরিচিত, জনসমক্ষে বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই সানগ্লাস পরেন। জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় তিনি কালো স্যুট ও নেপালের ঐতিহ্যবাহী টুপির সঙ্গে সানগ্লাস পরেছিলেন। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানাতে নিউইয়র্কে গেছেন তিনি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরার সামনে এবং বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের সময় বালেন সাধারণত সানগ্লাস পরেন। তবে মন্ত্রিসভার বৈঠক ও ব্যক্তিগত আলোচনার সময় তিনি তা খুলে রাখেন। এ বিষয়ে তার কার্যালয়ের কাছে জানতে চাওয়া হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বালেন শাহের সানগ্লাস পরার কারণে তার ব্যক্তিগত স্টাইল নিয়ে নেপালে আগ্রহ রয়েছে। দেশটির অনলাইন মার্কেটপ্লেসে ‘বালেন শাহ গ্লাস’ লিখে খুঁজলে তার ব্যবহৃত চশমার আদলে তৈরি বিভিন্ন ধরনের সানগ্লাস পাওয়া যায়।
রাজনীতিতে আসার আগে বালেন হিপ-হপ অঙ্গনে সক্রিয় ছিলেন এবং সেখান থেকেই তার সানগ্লাস পরার অভ্যাস পরিচিতি পায়। ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হওয়ার পর তার কালো স্যুট ও সানগ্লাস রাজনৈতিক পরিচয়ের অংশ হয়ে ওঠে।
এছাড়া, গত জুলাইয়ে দক্ষিণ নেপালে সাম্প্রদায়িক সহিংসতার পর শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্যের সময় তিনি সানগ্লাস খুলেছিলেন। তবে আগস্টে সংসদে সানগ্লাস পরা নিয়ে আপত্তি জানান প্রতিনিধি পরিষদের স্পিকার দোল প্রসাদ আরিয়াল।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, উজ্জ্বল আলো থেকে চোখ রক্ষার জন্য চিকিৎসকেরা বালেন শাহকে সানগ্লাস ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
অনলাইন ডেক্স 





















