ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের জন্মদিন আজ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া শাহরিয়ার চৌধুরী ইমন, যিনি ‘সালমান শাহ’ নামে পরিচিত, অল্প সময়ের ক্যারিয়ারে কোটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। প্রায় তিন দশক ধরে তিনি নেই, তবে তার জনপ্রিয়তা এখনও অটুট রয়েছে।
অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে সালমান শাহের কাজের স্মৃতি রয়েছে। তিনি সালমানের সঙ্গে দুটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। দিলারা জামান বলেন, সালমান তখন মাত্র যৌবনে পা দিয়েছেন এবং দেখতে ছিলেন অত্যন্ত সুদর্শন। তাকে দেখলেই মায়া লাগত এবং ভালো লাগত।
সালমান শাহ তখনও তেমন জনপ্রিয় হয়ে ওঠেননি। শুরুর সময়টায় প্রায়ই তিনি মায়ের সঙ্গে শুটিংয়ে আসতেন। ধীরে ধীরে তিনি তুমুল জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। সালমানের অকালমৃত্যুর প্রসঙ্গে দিলারা জামান বলেন, তার চলে যাওয়ার বিষয়টি কেউই মেনে নিতে পারেননি।
সালমানের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের প্রত্যাশা জানিয়ে দিলারা জামান বলেন, তার আপনজন এবং দর্শকদের মতো তিনিও প্রকৃত সত্য জানতে চান। সালমান শাহের অকালমৃত্যু দেশের জন্যও বড় ক্ষতি বলে মন্তব্য করেন তিনি।
দিলারা জামানের মতে, অল্প সময়ের ক্যারিয়ারে সালমান শাহ যে অবস্থান তৈরি করেছিলেন, তা ছিল অসাধারণ এবং তার অবদান চলচ্চিত্রে চিরকাল স্মরণীয় থাকবে।
অনলাইন ডেক্স 
























