ঢাকার শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
রোববার (০৬ সেপ্টেম্বর) শাহবাগস্থ শহীদ জিয়া শিশু পার্ক প্রকল্প এলাকায় পূবালী ব্যাংক পিএলসি-এর ‘শিশু পার্ক শাখা’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রশাসক বলেন, বর্তমান সরকার দ্রুততম সময়ে পার্কের বাকি কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, প্রকল্পের ভৌত অগ্রগতি বর্তমানে ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, যা প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ।
আবদুস সালাম বলেন, ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তিনি রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা বজায় রাখা ও বৃক্ষরোপণের মতো সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের জন্য সকলকে উৎসাহিত করেন।
এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও তিনদিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং সিটি কর্পোরেশন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























