জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর চৈতাপাড়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী মুসরিকা আক্তার মিতুর (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা তার মরদেহ দেখতে পান। স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করার অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিতু একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সোয়ায়েব ইসলাম শুভর (১৮) সঙ্গে প্রেম করে বিয়ে করেন। তাদের বিয়ে এক বছর আগে অনুষ্ঠিত হয়। মিতু মামুদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং শুভ এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।
নিহতের পরিবার ও শ্বশুরবাড়ির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে মিতু ও শুভ বাড়ির পাশের পুকুরে সেচ দেওয়ার কাজ করতে যান। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাগ করে মিতু বাড়িতে ফিরে গিয়ে নিজ ঘরে গলায় ফাঁস দেন। তার ছোট বোন চিৎকার দিলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।
ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, মিতুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অনলাইন ডেক্স 
























