দুর্নীতি দমন কমিশন (দুদক) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে। গত ১ সেপ্টেম্বর দুদকের বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালকের নির্দেশনার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়।
দুদকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্তের স্বার্থে দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
অনুসন্ধানের অংশ হিসেবে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের দায়িত্বকালীন সময়ে হওয়া বিভিন্ন নিয়োগ, পদোন্নতি ও বদলিসংক্রান্ত নথিপত্র চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এসব তথ্য ও রেকর্ডপত্র দুদকে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
দুদক অভিযোগ করেছে যে, কর্মকর্তাদের পছন্দের জায়গায় পদায়ন ও পদোন্নতি পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায় করা হয়েছে। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন টেন্ডার ও কেনাকাটায় একটি সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগও রয়েছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানিয়েছেন, পদোন্নতি, বদলি বাণিজ্য এবং অন্যান্য অভিযোগের ভিত্তিতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 





















