বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরিত করার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের পাশে থাকবে এবং তাদের জন্য সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করবে। তিনি উল্লেখ করেন, দেশের বিনিয়োগের পরিবেশ উন্নত করার জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেছে।
সম্মেলনে উপস্থিত দেশি-বিদেশি করপোরেট প্রধান ও বিশেষজ্ঞদের উপস্থিতি বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে। প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ দেশের কর্মসংস্থান সৃষ্টি ও আধুনিক প্রযুক্তির প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও জানান, সরকারের লক্ষ্য একটি নিয়মভিত্তিক ও বেসরকারি খাতনির্ভর অর্থনীতি গড়ে তোলা। ২০৩৪ সালের লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ শুধুমাত্র বিনিয়োগ আকর্ষণের ওপর নির্ভরশীল নয়, বরং দীর্ঘমেয়াদি ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্ব গড়ে তোলার ওপরও নির্ভর করে।
অনলাইন ডেক্স 























