পদত্যাগের বিষয়ে করা প্রশ্নকে বিব্রতকর বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে একটি জাতীয় দৈনিকের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি পদত্যাগের গুঞ্জন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগের বিষয়ে মন্তব্য করেন।
পদত্যাগের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, ‘দেখতে পাবেন…প্রশ্নটা বিব্রতকর।’ তিনি জানান, সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে চাইলে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। বর্তমানে স্পিকার দেশের বাইরে রয়েছেন—এমন তথ্য জানালে রাষ্ট্রপতি বলেন, ‘আমার জানা নেই স্পিকার দেশে আছেন কিনা। এটা আমার জানার কথা না।’
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন—এমন অভিযোগ নাকচ করে দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘এটা পুরোপুরি ভিত্তিহীন। কারও যদি মাথা খারাপ হয়, সে এ ধরনের কথা বলতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি তখন মৃতপ্রায়, চিকিৎসাধীন ছিলাম। এটা একেবারে ভিত্তিহীন ও বানানো কথা, এটাই বলতে পারি।’
এর আগে বৃহস্পতিবার সকালে একাধিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে রাষ্ট্রপতি শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরের সময় তিনি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। তবে রাষ্ট্রপতি এই অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে, সম্ভাব্য পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে বা স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চাইলে তার সেই সুযোগ রয়েছে।’ তিনি জানান, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে।
অনলাইন ডেক্স 






















