অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট সফলভাবে বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক জাতীয় বাজেট দেশের সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত হয়েছে, তবে বাজেট প্রণয়নই শেষ কথা নয়। এর প্রকৃত সার্থকতা সফল বাস্তবায়নের ওপর নির্ভর করে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় বাজেটের লক্ষ্য অর্জন সম্ভব হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে আমলাতন্ত্র নিয়ে নেতিবাচক ধারণা পরিবর্তন করতে হবে। সম্মিলিতভাবে কাজ করলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। উদ্ভাবনী চিন্তা ও নতুন কর্মপদ্ধতি গ্রহণের আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, কর্মকর্তাদের মুক্ত মতামত দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে এবং কর্মপরিবেশকে একটি পরিবারের মতো গড়ে তুলতে হবে। তিনি সঠিক ও বস্তুনিষ্ঠ মতামত পাওয়ার ওপর গুরুত্বারোপ করেন, যা নীতিনির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
পরে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী জানান, কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে কক্সবাজারকে একটি গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
অনলাইন ডেক্স 























