রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। শারীরিক অসুস্থতাকে পদত্যাগের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
সরকার ও বিএনপির একাধিক সূত্রের দাবি, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও আলোচনা চলছে।
রাষ্ট্রপতির পদে কে আসতে পারেন, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে দায়িত্ব পালন করা একজন সচিবের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় এসেছে। এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খানসহ কয়েকজনের নামও আলোচিত হয়েছিল।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। নতুন রাষ্ট্রপতির মেয়াদকালে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি পদ শূন্য হলে অনেকের নাম আলোচনায় আসতে পারে, তবে তিনি এ বিষয়ে অবগত নন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে একটি পোস্ট করেন।
তবে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে এখন পর্যন্ত বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
অনলাইন ডেক্স 























