বলিউড অভিনেতা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের পারিবারিক সম্পর্কের উষ্ণতা সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’ অনুষ্ঠানে প্রকাশ পেয়েছে। অনুষ্ঠানে ইব্রাহিম আলী খান ভিডিও বার্তায় বাবাকে নিজের আদর্শ হিসেবে উল্লেখ করেছেন এবং কারিনাকে ‘সবচেয়ে ভালো সৎমা’ বলে প্রশংসা করেছেন।
করণ জোহরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ পর্বে সাইফ ও কারিনা উপস্থিত ছিলেন। এ সময় সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান সারা ও ইব্রাহিম তাদের বাবা ও কারিনার জন্য ভিডিও বার্তা পাঠান। ইব্রাহিমের বার্তায় বাবার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পায়।
ইব্রাহিম বলেন, “বাবা, তুমি আমার আদর্শ, আমার নায়ক। জীবনের নানা কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাওয়ার জন্য তুমি আমাকে অনুপ্রাণিত কর।” তিনি বাবার শারীরিক অসুস্থতা ও অন্যান্য কঠিন সময়ের কথা উল্লেখ করেন।
সারা আলী খানও বাবার ব্যক্তিত্বের প্রশংসা করেন এবং কারিনা ও করণ জোহরের জুটির প্রতি ভালো লাগার কথা জানান। তিনি বলেন, “কারিনা কাপুর ও করণ জোহরের জুটি আমার শৈশবের সঙ্গে জড়িয়ে আছে।”
অনুষ্ঠানে সাইফ ও কারিনা তাদের ছোট ছেলে তৈমুর আলী খান ও জেহ আলী খানের সঙ্গে ইব্রাহিমের সম্পর্ক নিয়েও আলোচনা করেন। কারিনা জানান, দুই ছোট ছেলে ইব্রাহিমকে খুব ভালোবাসে এবং তাকে অনুসরণ করে।
অনলাইন ডেক্স 
























