জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দেশের দুই গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল ও হিলিতে আমদানি-রপ্তানি এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল ও হিলি স্থলবন্দরে পণ্য পরিবহন এবং কাস্টমস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি ছুটির কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে কোনো পণ্য রপ্তানি হচ্ছে না। বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, আগামীকাল রোববার (৮ নভেম্বর) থেকে সব কার্যক্রম পুনরায় শুরু হবে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, সরকারি ছুটির কারণে কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরে অবস্থানরত ভারতীয় খালি ট্রাকগুলো দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে।
অন্যদিকে, দিনাজপুরের হিলি স্থলবন্দরেও একই কারণে আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে দুই স্থলবন্দরেই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী চলাচল অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 






















