জনি ডেপ আবারও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজে ফিরতে পারেন। নতুন সিনেমা ‘ইবেনেজার’-এর প্রচারণায় অংশ নিয়ে তিনি এই ইঙ্গিত দিয়েছেন। বিশ্বব্যাপী জনপ্রিয় এই সিরিজের ষষ্ঠ কিস্তিতে তার উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ বেড়েছে।
ডেপ জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজির মূল প্রযোজক জেরি ব্রুকহেইমারের অনুরোধে তিনি জলদস্যুর চরিত্রে ফিরতে পারেন। তবে এর জন্য তার কিছু শর্ত রয়েছে। তিনি বলেন, সিরিজটি একটি সুন্দর ও সম্মানজনক সমাপ্তির দিকে নিয়ে যেতে হবে এবং চরিত্রটিকে ইতিবাচক বার্তা দিয়ে বিদায় জানাতে হবে।
গত বছর ব্রুকহেইমার নিশ্চিত করেছিলেন যে, সঠিক স্ক্রিপ্ট পছন্দ হলে ডেপ কাজ করতে রাজি হবেন। তিনি জানান, সিনেমাটি বানানোর পরিকল্পনা রয়েছে, তবে এখনও চূড়ান্ত স্ক্রিপ্ট হাতে আসেনি।
জনি ডেপ প্রথমবার ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমায় ২০০৩ সালে ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি ২০০৬ ও ২০০৭ সালে একই চরিত্রে আরও দুটি সিনেমায় কাজ করেন। সর্বশেষ ২০১৭ সালে সিরিজের পঞ্চম পর্বে তাকে দেখা যায়।
ডেপের ফেরার সম্ভাবনা হলিউডের জন্য একটি বড় চমক হতে পারে, তবে তার শর্ত পূরণ হলে তবেই এটি বাস্তবায়িত হবে।
অনলাইন ডেক্স 

























