বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ফুলবাড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান আদালতের পরোয়ানাভুক্ত আসামী গোলাম কবির সুমন (৩৬)কে গ্রেফতার করতে যান। সুমন ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে এবং তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা রয়েছে।
গ্রেফতারকালে স্থানীয় একটি চক্র অতর্কিত হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে মারধর করে এবং সুমনকে ছিনিয়ে নেয়। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেক্স 























