সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ৩২২ কোটি ৮৯ লাখ টাকা বিতরণ করেছে সড়ক পরিবহন আইন ও বিধিমালার অধীন গঠিত ট্রাস্টি বোর্ড। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মোট ৭ হাজার ৮৭৭ জন নিহত ও আহত ব্যক্তির পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন বিধিমালা-২০২২ কার্যকর হওয়ার পর ট্রাস্টি বোর্ডের আওতায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আবেদন গ্রহণ শুরু হয়। বিধিমালার ১৫০(১) উপবিধি অনুযায়ী, দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ফর্ম-৩২-এর মাধ্যমে আর্থিক সহায়তার জন্য আবেদন করা যায়।
বিআরটিএ এর আইন উপদেষ্টা মোহাম্মদ রাফিউল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হলে সড়ক পরিবহণ আইন-২০১৮ ও সড়ক পরিবহণ বিধিমালা ২০২২ অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার বিধান রয়েছে। ভুক্তভোগীরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করলে ট্রাস্টি বোর্ড দুর্ঘটনায় বিধি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন।
২০২৩ সালের ১৯ অক্টোবর থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬২ জনকে আর্থিক সহায়তার চেক প্রদানের কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ২০৬ কোটি ৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে। আর্থিক সহায়তা পাওয়া ৭ হাজার ৮৭৭ জনের মধ্যে আহত ১,৪৩২ জন, গুরুতর আহত ৬৮৪ জন এবং নিহত ৫,৭৬১ জনের পরিবারকে তাদের প্রাপ্য টাকার চেক দেওয়া হয়েছে।
২০২২ সালের সড়ক পরিবহন বিধিমালার ১৪৯ বিধি অনুযায়ী, দুর্ঘটনায় নিহত হলে আর্থিক সহায়তার পরিমাণ হবে এককালীন অন্যূন ৫ লাখ টাকা। গুরুতর আহত হলে আর্থিক সহায়তার পরিমাণ হবে অন্যূন ৩ লাখ টাকা।
অনলাইন ডেক্স 
























