রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা অধ্যক্ষ ডক্টর মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, গত রাতে পুলিশ তাদের ওপর লাঠি চার্জ করেছে এবং নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষ ডক্টর মেহেরুন্নেছাকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশি সহায়তায় অধ্যক্ষকে উদ্ধার করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং আবাসিক হলের আসন বাতিলের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করায় তারা ক্ষুব্ধ হয়েছেন।
অনলাইন ডেক্স 
























