চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয়ের লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
পুলিশের তথ্য অনুযায়ী, দুটি সরকারি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এলজিইডি কার্যালয়ের সামনে পড়ার পর পেট্রলবোমাগুলো ভেঙে যাওয়ায় আগুন ধরেনি। চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া একটি পেট্রলবোমা ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলার পর নিভে যায়। পরে কার্যালয়ের কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন।
ওসি আরও জানান, উড়ালসড়ক থেকে মোটরসাইকেল অথবা গাড়িতে করে পেট্রলবোমাগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করছে।
অনলাইন ডেক্স 

























