মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ আদায়ের বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুলের শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে।
সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই শুনানির জন্য দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। এর আগে হাইকোর্ট গ্রাহকদের কাছ থেকে বিকাশ, নগদ ও রকেটের সার্ভিস চার্জ আদায় কেন অবৈধ ও আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
রুলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সার্ভিস চার্জ নির্ধারণ, ভোক্তা অধিকার সুরক্ষা এবং জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বতন্ত্র এমএফএস আইন প্রণয়নের বিষয়েও জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগণের জন্য ন্যায্য ও সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করার বিষয়টি এতে গুরুত্ব পেয়েছে।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
অনলাইন ডেক্স 

























