গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে এক সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ এবং সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যু নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সাংবাদিক মহিন উদ্দিন রিপনের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৬ অক্টোবর টঙ্গী সেনা কল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে থেকে রিপনকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। পরে তাকে হাজী মাজার বস্তির একটি স্থানে আটকে রেখে মারধর ও এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়। রিপন অভিযোগ করেন, অপহরণের সময় তার ওপর নির্যাতন চালানো হয় এবং হত্যার চেষ্টা করা হয়। স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হন এবং পরে হাসপাতালে ভর্তি হন।
অন্যদিকে, তাহসিফ সাউরির মরদেহ গত বৃহস্পতিবার তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়। তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছেছে। তাহসিফ নিখোঁজ হওয়ার আগে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে বের হয়েছিলেন। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানিয়েছেন, তদন্ত চলছে এবং উদ্ধার হওয়া নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে।
এলাকার অপরাধ পরিস্থিতি নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
অনলাইন ডেক্স 

























