মিরপুর-১০ এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) সকালে শ্রমিকরা কয়েকটি সড়ক অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে।
পুলিশ জানিয়েছে, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে তারা জলকামান, কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। সকাল ১১টার দিকে সংঘর্ষ শুরু হলে শ্রমিকদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। দুপুর ১২টার দিকে সংঘর্ষ চলছিল এবং মিরপুর-১০ নম্বর গোলচত্বর পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও যান চলাচল স্বাভাবিক হয়নি।
পুলিশের দাবি, ‘ছিনতাইকারী’ সন্দেহে আন্দোলনকারীদের মধ্যে একজনকে হেফাজতে নেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা গোলচত্বরের পুলিশ বক্সের দিকে এগিয়ে আসলে সংঘর্ষ শুরু হয়।
মিরপুর বিভাগের উপ-কমিশনার আবু নাসের রিকাবদার জানিয়েছেন, সংঘর্ষ এখনও চলছে এবং তারা আন্দোলনকারীদের ডিসপার্স করার চেষ্টা করছেন।
সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেন, যার ফলে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনলাইন ডেক্স 



















