রাজধানীর পল্টনে সাবেক পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত রিকশাচালককে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার ডান দিকে শাখা সড়কে ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের গাড়িটি একটি রিকশাকে পাশ থেকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ছিবগাত উল্লাহর ছেলে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটির মালিক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ছিবগাত উল্লাহ।’
পুলিশ আরও জানিয়েছে, আহত রিকশা চালকের নাম সুলতান (৬০)। এ ঘটনায় ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালককে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অনলাইন ডেক্স 



















