দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি জানান, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের ৭ দফা যেকোনো সময় একদফায় রূপান্তরিত হতে পারে।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বর এলাকায় ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যদি সাত দফা মেনে নেন, তাহলে এক দফার পাথর চাপবে না। কিন্তু যদি তারা ভালো ভালোই না মানেন, তাহলে এক দফার পাথরের নিচে পিষ্ঠ হয়ে যাবেন। আমরা চাই না দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক।’
তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে জনগণ দুটি ভোট দিয়েছিল, তার একটিতে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে বিএনপি। আরেকটি ভোটে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন ৭০ শতাংশ মানুষ। কিন্তু মানুষের সেই রায়কে তারা অপমান করেছে।’
লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ দেশকে তারা একদলীয় এবং বাকশালী শাসনে নিয়ে এসেছে।’
পথসভা শেষে লংমার্চের বহর রাত ১০টার দিকে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা করে।
অনলাইন ডেক্স 


















