জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে শিক্ষার্থীদের নিবন্ধন ও মূল সনদ বাবদ নির্ধারিত ফি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের তুলনায় দ্বিতীয় সমাবর্তনে নিবন্ধন ফি কয়েক হাজার টাকা বেড়ে যাওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, সমাবর্তন বিশ্ববিদ্যালয় জীবনের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হলেও এর সঙ্গে সংশ্লিষ্ট ফি অনেকের জন্য বাড়তি আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি, সনদ ফি ও অন্যান্য সার্ভিস চার্জ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, স্নাতক ও স্নাতকোত্তরসহ বিভিন্ন ডিগ্রিধারী প্রায় ২১ হাজার শিক্ষার্থী দ্বিতীয় সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে গতবারের তুলনায় এবার নিবন্ধন ফি দুই হাজার টাকা বাড়ানো হয়েছে। স্নাতক ও বিবিএ ডিগ্রিধারীদের নিবন্ধন ফি পাঁচ হাজার টাকা, স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ছয় হাজার টাকা এবং এমফিল ও পিএইচডি গবেষকদের সাড়ে ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন জানান, সার্বিক ব্যয় বৃদ্ধির কারণে ফি বাড়ানো হয়েছে। তবে ফি কমানোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি। উপাচার্য বলেন, নিবন্ধন ফি যৌক্তিকভাবে পুনর্বিবেচনা করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ফি কমানোর দাবি জানিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। শিক্ষার্থীরা মনে করেন, সমাবর্তন আয়োজনের ক্ষেত্রে সকলের উপস্থিতি নিশ্চিত করার জন্য ফি কমানো উচিত।
অনলাইন ডেক্স 

























