‘জুলাই ঐক্য’ সংগঠন আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এ ধরনের আচরণকে দায়িত্বশীলতার অভাব হিসেবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
শনিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে জুলাই ঐক্য বলেছে, ফ্যাসিবাদী সরকারের পতনের পরও কিছু দায়িত্বশীল ব্যক্তির আচরণে পুরোনো অসহিষ্ণু মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে, যা দুঃখজনক।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সংবাদমাধ্যমের কোনো সংবাদ বা সম্পাদকীয় অবস্থান পছন্দ না হলে তার প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে। তবে পত্রিকা ছিঁড়ে ফেলা, সাংবাদিকদের হেয় করা বা সংঘবদ্ধ মবের পরিবেশ তৈরি করা গ্রহণযোগ্য নয়।
আমার দেশ কার্যালয়ে সাম্প্রতিক ককটেল হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটি বলেছে, পত্রিকাটির ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
জুলাই ঐক্য সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণের বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণের এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা আমার দেশ কার্যালয়ে হামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে।
অনলাইন ডেক্স 


















