বরিশাল-২ আসনের এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, জীবনযাত্রা সহজ করতেই সরকার ‘ফ্যামিলি কার্ড’-এর ব্যবস্থা করেছে।
তিনি বুধবার (১৪ অক্টোবর) গুঠিয়া ৫নম্বর ওয়ার্ড চাঙ্গুরিয়া খান বাড়ি এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন। এমপি বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রেক্ষাপটে সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সরফুদ্দিন আহমেদ জানান, পর্যায়ক্রমে সকলের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং এ কর্মসূচি থেকে কেউ বাদ পড়বে না। তিনি বলেন, এই কর্মসূচি স্বচ্ছভাবে পরিচালনা করতে হবে, এবং কেউ দুর্নীতি বা অনিয়ম করলে তাকে আইনের আওতায় আনা হবে।
এমপি আরও বলেন, আজকের দিনটি এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটানোর উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদার, উজিরপুর পৌর মহিলা দলের সভাপতি মোসা. মাকসুদা আক্তার শিল্পী এবং গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























