চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত একটি এলজি, একটি রিভলভার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাসেল। তিনি জানান, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় তাপসির আলম শাওন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান আসামি মো. আরিফ হোসেন (২৯), ফখরুল ইসলাম (৩২), আব্দুল মান্নান (২৮), মো. ইফতেখার (৩৫), আরিফুল ইসলাম জাবেদ (২৫) ও নুর আহাম্মদ রনি রয়েছেন। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ও মুরাদপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর রাতে খাবার খেয়ে বন্ধু ইমনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন বাপ্পি। পথে হামলাকারীরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন এবং বাপ্পি ও তার বন্ধুকে মারধর করেন। পরে বাপ্পিকে লক্ষ্য করে গুলি করা হয়।
গুলির শব্দ শুনে বাপ্পিকে উদ্ধারে এগিয়ে আসেন তাপসির আলম শাওন। এ সময় তাকেও লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হামলাকারীরা পরে পালিয়ে যায়।
অনলাইন ডেক্স 

























