অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি বর্তমান পেসারদের গতির সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, আধুনিক ক্রিকেটে পেসাররা নিজেদের গতির সীমা কমিয়ে ফেলছেন।
২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬০.৮ কিলোমিটার গতিতে বল করা লি বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তার এবং আর্থিক লাভের কারণে পেসাররা হয়তো নিজেদের গতির দিকে কম মনোযোগ দিচ্ছেন।
উইজডেনের ‘স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে লি বলেন, ‘আমি চাই বোলাররা ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির সীমাকে চ্যালেঞ্জ করুক। কিন্তু এখন তেমনটা দেখছি না।’
তিনি আরও বলেন, ‘বোলাররা কি দীর্ঘ মেয়াদে খেলার কথা ভাবছেন? তারা কি মোটা অঙ্কের অর্থ আয় করার সুযোগের কথা ভাবছেন?’
লি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এভাবে খেলতে হলে আপনাকে মাঠে টিকে থাকতে হবে। আর মাঠে টিকে থাকতে গেলে হয়তো ১৫০ কিলোমিটার গতিতে বল করার বিষয়টি তাদের আর রোমাঞ্চিত করে না।’
অনলাইন ডেক্স 
























