সরকার ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা।
গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক জানান, ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে, যা বিগত সংশোধিত বাজেটের চেয়ে ৪২ দশমিক ৭ শতাংশ বেশি।
বৈঠকে আরও জানানো হয়, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও সুপারিশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে কমিটির প্রথম সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির সদস্যরা আন্তর্জাতিক মানদণ্ড অর্জনের লক্ষ্যে শিক্ষার মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনের ওপর জোর দেন। তাঁরা বলেন, কেবল পাসের হার বৃদ্ধি শিক্ষার প্রকৃত সাফল্যের মাপকাঠি হতে পারে না, বরং বছরভিত্তিক শিখনফল মূল্যায়ন ও বিশ্বমানের শিক্ষাক্রম প্রবর্তন জরুরি।
এছাড়া, বৈঠকে শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ানো, মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার প্রসারের বিষয়েও আলোচনা হয়। সংসদীয় কমিটির এ উদ্যোগকে সময়োপযোগী ও যুগান্তকারী হিসেবে দেখছেন দেশের শিক্ষাবিদরা।
অনলাইন ডেক্স 
























