ইরাকের রাজধানী বাগদাদে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি স্থাপনায় গোলাবারুদের মজুত বিস্ফোরিত হয়ে পাঁচ সদস্য আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংগঠনটি।
পিএমএফের বিবৃতিতে বলা হয়, স্থাপনাটিতে ক্ষতিগ্রস্ত গোলাবারুদের একটি মজুত বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। বাগদাদের আর্মি ক্যানালের পূর্ব দিকে অবস্থিত ওই স্থাপনায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বিস্ফোরণে সংগঠনটির পাঁচ সদস্য আহত হয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। দেশটির সিকিউরিটি মিডিয়া সেলের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করারও নির্দেশ দিয়েছেন। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে গঠিত হয়।
অনলাইন ডেক্স 
























