সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) কালবেলায় প্রকাশিত একটি প্রতিবেদনের দাবি নাকচ করেছে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবেদনে উল্লেখিত তথ্যের কোনো ভিত্তি নেই।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ না করার বিষয়ে সংবাদ প্রকাশিত হলে সাফ প্রতিক্রিয়া জানায়। বিবৃতিতে তারা বলেছে, এ-সংক্রান্ত প্রতিবেদনগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল।
সাফ আরও নিশ্চিত করেছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদের সঙ্গে নাম প্রত্যাহারের বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি।
বিবৃতিতে সাফ আয়োজনের প্রস্তুতির চিত্র তুলে ধরেছে। তারা জানিয়েছে, টুর্নামেন্টের আয়োজনের কাজ চলছে পুরোদমে এবং সংশ্লিষ্ট সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করছেন।
সাফ সদস্য অ্যাসোসিয়েশন, পার্টনার, গণমাধ্যম প্রতিনিধি, সমর্থক ও অন্যান্য অংশীদারদের আশ্বস্ত করেছে যে, পূর্বঘোষিত ৬ দলের অংশগ্রহণেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সংস্থাটি সবাইকে নির্ভুল তথ্যের জন্য তাদের অফিসিয়াল যোগাযোগমাধ্যমে নির্ভর করতে উৎসাহিত করেছে।
অনলাইন ডেক্স 
























