নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আদালত প্রাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন অ্যাডভোকেট জিয়াউল হক কাজল (৬৩), তার ভাই আতিকুল ইসলাম (৫৫) এবং অ্যাডভোকেট মাহাবুবুর রহমান (৩৬)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কাজল ও আতিকুলকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে এবং অ্যাডভোকেট মাহাবুবকে দেওভোগে পাকা রোডের গলি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন আইভী। মঙ্গলবার নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য্য ছিল।
শুনানি শেষে আদালত থেকে বের হয়ে গাড়িতে উঠার সময় নেতাকর্মীবেষ্টিত ছিলেন আইভী। তিনি স্লোগান দেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা’। এ সময় গ্রেপ্তাররা আইভীর পাশেই অবস্থান করছিলেন।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আদালত প্রাঙ্গনে দলীয় কার্যক্রম নিষিদ্ধ। তারা আদালতে আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন স্লোগান দেন। আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করছি। তাদের ৩ জনকে সন্ত্রাসবিরোধী আইন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।’
অনলাইন ডেক্স 























